ওয়েব ডেস্ক, নকশালবাড়ি : ফের সাফল্য পেল ভারত-নেপাল সীমান্তের এসএসবি। সুনির্দিষ্ট গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নকশালবাড়ি সীমান্ত এলাকা থেকে দুই থাই নাগরিক সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করল ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতদের মধ্যে ১ জন নেপালি ও ১ জন ভারতীয় নাগরিকও রয়েছে বলে জানা গেছে।
এসএসবি সূত্রের খবর, গত ১১ মে ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টা নাগাদ ৮৮/০৮ সীমান্ত পিলারের কাছে রাতখোলা এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর ছিল যে, কয়েকজন বিদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। সেই অনুযায়ী জওয়ানরা জাল পেতে বসেছিলেন। এরপরেই একটি শেভ্রোলে বিট গাড়ি আটক করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার হওয়া ৪ জনের মধ্যে নুসরা কিংওয়ান (৪৩) থাইল্যান্ডের নাগরিক, সাওয়ানি ছালাসাই (৩৩) থাইল্যান্ডের নাগরিক, অভিষেক শ্রেষ্ঠ ভারতালি (২৮) নেপালের মেচিনগরের বাসিন্দা ও মহম্মদ সালেমান (২৬) উত্তর দিনাজপুরের বাসিন্দা। তিনি ওই গাড়ির চালক ছিলেন। ধৃতদের তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র ও সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একাধিক মোবাইল ফোন, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র। প্রাথমিক তদন্তে এসএসবি জওয়ানরা জানতে পেরেছেন, ধৃত দুই থাই তরুণী অবৈধ পথে ভারতে প্রবেশ করে ‘থাই মাসাজ’-এর আড়ালে দেহ ব্যবসার চক্র চালাতেন। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।
আটক হওয়া ব্যক্তিদের এবং বাজেয়াপ্ত করা সমস্ত সামগ্রী এসএসবি'র তরফে নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এমন ঘটনা আর যেনও না ঘটে তার জন্য সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এসএসবি কর্তৃপক্ষ।
